কোরবানির ঈদের আগে আরেক দফা অস্থির হয়ে উঠেছে দেশের ডিমের বাজার। শুধুমাত্র রাজধানীতেই সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। তবে ডিমের দাম বাড়ার যৌক্তিক কারণ জানেন না খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, পাইকারিতে দাম বাড়ায়, খুচরায়ও বেড়েছে।
বাজারে ডিমের অস্বাভাবিক দামের লাগাম টানতে গত বছর আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পাশাপাশি বেঁধে দেয়া হয়েছিল প্রতি পিস ডিমের দাম। এতে নিয়ন্ত্রণে আসে বাজার। তবে গত মে মাসে এ বাজারে আবারও দেখা দেয় অস্থিরতা। সে সময় রাজধানীতে ডজনে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হয়েছে ১৫০ টাকা, আর সাদা ডিম বিক্রি হয়েছে ১৪৫ টাকায়।
এরপর থেকেই চড়া রাজধানীর ডিমের বাজার। রোববার (১৬ জুন) রাজধানীর বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা। আর সাদা ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এছাড়া প্রতি ডজন হাঁসের ডিম ২১০ টাকা ও দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, পাইকারি পর্যায়ে ডিমের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। হাতিরপুল কাঁচা বাজারের বিক্রেতা আসলাম জানান, বাজারে হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। লাল ডিম মিললেও, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না সাদা ডিম।
ডিমের দাম ভোক্তাদের নাগালের মধ্যে আনতে সরকারের বাজারে হস্তক্ষেপ করা উচিত জানিয়ে বিপিএ সভাপতি বলেন, ডিমের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি প্রান্তিক খামারিদের প্রতি নজর দিতে হবে। মুরগির বাচ্চা, খাবার খরচের দাম নাগালের মধ্যে আনতে হবে।